খাগড়াছড়ির রামগড় সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় ১ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ জুলাই) আনুমানিক রাত আড়াইটার দিকে রামগড়ের ভারত সীমান্তবর্তী খেদা ব্রিজ এলাকা থেকে মোবাইলফোন গুলো জব্দ করা হয়। রোববার দুপুরে রামগড়ের তৈচালাপাড়ায় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, বিজিবি কাশিবাড়ি বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল খেদা ব্রিজ এলাকায় ওৎ পেতে থাকে। চোরাকারবারিরা ভারত থেকে সীমান্তবর্তী ফেনী নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি চ্যালেঞ্জ করলে পাচারকারিরা কার্টুনভর্তি স্মার্ট মোবাইলফোন ফেলে পালিয়ে যায়। আটক সেটের মধ্যে সর্বোচ্চ দুই লাখ টাকা মূল্যের ২টি সেটও রয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, রামগড় সীমান্তে মোবাইলফোন আটকের এটিই প্রথম ঘটনা। জব্দকৃত মোবাইলগুলো চট্টগ্রামের সীতাকুন্ড কাস্টমসে জমা দেওয়া হবে।