পাবনায় পাটক্ষেত থেকে তাঁত ব্যবসায়ীর লাশ উদ্ধার

পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা থেকে এক তাঁত ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে ওই এলাকার পাটক্ষেত থেকে  লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম ইলিয়াস (২৮)। সে পাবনার জালালপুর নতুন পাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে ইলিয়াস পাবনা শহরে ব্যবসা সংক্রান্ত কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় তার পরিবার খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। এরপর আজ সকালে ধোপাঘাটা মোড়ে পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘তাকে দুই হাত পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’