চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর  মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, নুরজাহান আক্তার (৫) ও নূহা আক্তার (৪)। তারা উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের কাউছার মিয়ার মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার সপরিবারে ঢাকায় বসবাস করেন। ঈদে গ্রামের বাড়িতে আসেন। সম্প্রতি স্ত্রী নাজমা বেগমের তৃতীয় সন্তান হওয়ার কথা। তাই আর ঢাকাতে যাওয়া হয়নি। সোমবার দুপুরে নাজমা বেগম রান্নার কাজে ব্যস্ত থাকায় দুই শিশু তাদের দাদীর কাছে বারবার গোসল করার কথা বলে। তাদেরকে অপেক্ষা করতে বললেও তারা দাদীর জন্য অপেক্ষা না করে বাড়ির পাশেই পুকুরে গোসল নেমে যায়। 

কিছুক্ষণ পর প্রতিবেশী একজন পুকুরে গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর সঙ্গে তার পায়ের ধাক্কা লাগে। পরে পানির নিচ থেকে ডুবন্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। এ সময় স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।