অনুমতি ছাড়াই আজ ঢাকায় সমাবেশ করতে প্রস্তুতি জামায়াতের

আজ মঙ্গলবার (১ আগস্ট)  রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। কেয়ার টেকার সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে আজ মঙ্গলবার বেলা ২টায় এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। 

এবার সমাবেশ করতে আর অনুমতির অপেক্ষা করছে না জামায়াতে ইসলামী। চলমান সরকার পতনের আন্দোলনে যুগপত্ভাবে না থাকলেও এককভাবেই মাঠে আছে জামায়াত। গত মাস থেকে অনুমতি সাপেক্ষে আন্দোলন করলেও এবার অনুমতি ছাড়াই মাঠে নামছে দলটি। এই সমাবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করেছে দলটি। সংবাদ সম্মেলন করে জামায়াত জানিয়েছে, সমাবেশের জন্য তারা প্রশাসনকে অবহিত করেছে; কিন্তু অনুমতির কোনো বিষয় নেই এটাও জানিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল সেখানে বলেন, আজ মঙ্গলবার বেলা ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।