গোপালগঞ্জে ২ হাজার শিক্ষার্থীর মাদক বিরোধী শপথ

‘সুস্বাস্থ্যেই সুবিচার মাদকমুক্তির আঙ্গীকার’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে ২ হাজার শিক্ষার্থী মাদক বিরোধী শপথ নিয়েছে।

আজ বুধবার সকালে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।

গোপালগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহাকারী পরিচালক চৌধূরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু। পরে এ দিবস উপলেক্ষ্যে আয়োজিত চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক  শাহিদা সুলতানা।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বর্ণকলি স্কুলে গিয়ে র‌্যালিটি শেষ হয়। 

গোপালগঞ্জ শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, মাদক এখন আমদের এক নম্বর সমস্যা। ভাল ঘর আছে। কিন্তু মাদকের ছোবলে ঘরে শান্তি নেই। এখনই আমাদের মাদক প্রতিরোধ করতে হবে। 

শিক্ষার্থী জাহিদ হাসান, রুমানা রহমান বলেন, আমরা মাদক গ্রহণ করবনা। অন্যকেও মাদক গ্রহণে নিরৎসাহিত করবো। সুন্দর সমাজ বিনির্মাণে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মাদকের বড় হাতগুলোকে চিহ্নিত করতে হবে। তাদের ধরে মাদক বন্ধ করতে হবে। এ দানবকে আর বাড়তে দেয়া যাবে না।  

ইত্তেফাক/এমআই