উপহারের ঘর বিক্রি করলেন ভাই, ঠাঁই হারালেন বোন

বরিশালের মুলাদীতে বোনকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দিয়েছেন ভাই। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন বোন। এ বিষয়ে ভুক্তভোগী রেহানা বেগম ভাইয়ের বিরুদ্ধে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।

সোমবার (৩১ জুলাই) উপজেলার চরসফিপুর সমিতিরহাট এলাকার আইজ উদ্দীন সরদারের ছেলে নাসির সরদার ওই ঘর বিক্রি করেন অভিযোগ করেন ভুক্তভোগী রোহানা বেগম। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ পরিবার হিসেবে ২০০৮ সালে উপজেলা প্রশাসনের মাধ্যমে বেসরকারি সংস্থা বোস্ট (BOST) রেহানা বেগমকে একটি বসতঘর উপহার দেন। প্রায় ৫ হাজার ইট ও টিন দিয়ে নির্মিত ঘরে বাস করছিলেন রেহানা। কয়েক বছর আগে জীবিকার জন্য ঢাকায় যান।

রেহানা বেগম বলেন, চাকরির জন্য ঢাকায় থাকলেও মাঝে মধ্যে বাড়িতে যাওয়া হয়। সোমবার দুপুরে স্থানীয় আলাউদ্দীন খান ঘরটি ভেঙে ইট নিয়ে যায়।

ঘর বিক্রি করে দিয়েছেন ভাই নাসির সরদার। ঘর ভেঙে নেওয়ার পর আরেক ভাই ওই জায়গা দখল করছেন। এখন বাড়িতে থাকার মতো কোন জায়গা নেই।

ক্রেতা আলাউদ্দীন খান বলেন, নাসির সরদারের কাছ থেকে আট হাজার টাকা দরে সাড়ে চার হাজার ইট কিনেছি। সোমবার ঘর ভেঙে সেই ইট নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে নাসির সরদার জানান, রেহানা দীর্ঘদিন ধরে বাড়িতে না থাকায় ঘরটি পরিত্যক্ত ছিল। তাই বিক্রি করে জায়গা করা হয়েছে।

সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, রেহানা বেগমকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ পেয়েছি। প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হানিফ সিকদার জানান, উপহারের ঘর বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।