বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করলে বাংলাদেশ তরিকত ফেডারেশনে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যতই নৈরাজ্য করবে আমরাও পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকবো। এছাড়া আওয়ামী লীগ যে শান্তি সমবাবেশ করতে যাচ্ছে সেখানে ১৪ দলের অংশ হিসেবে তারিকত ফেডারেশন থাকবে।’ মঙ্গলবার (১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশে তরিকত ফেডরেশনের ঢাকা মহানগর দফতর থেকে আমরা কর্মী সমাবেশ করেছি। জরুরি মিটিং আহ্বান করেছি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মিটিং করেছি। ১৪ দলের যে প্রোগাম সেটাতে আমরা থাকবো। বিএনপি-জামায়াত দেশবিরোধী যে যড়যন্ত্র করছে, একই সঙ্গে সংবিধান রক্ষার জন্য, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ করতে পারি সেই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তরিকত ফেডারেশন রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে।’
দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনকে সামনে রেখে আমি বলতে চাই-উনি যাতে সামনে আবার প্রধানমন্ত্রী হোন এবং দেশ যাতে এগিয়ে যায়।
এ সময় তিনি বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতা-কর্মীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মাঠে নামার আহ্বান করেন। তিনি বলেন, ‘এখন আমাদের সময় আসছে বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করার। এজন্য আমরা তরিকত ফেডারেশনের সব নেতা-কর্মী মাঠে থাকবো।’