পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর এবার চীনের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন এসেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পারমাণবিক অস্ত্রাগার পরিচালনাকারী একটি এলিট ইউনিটের দায়িত্বশীল দুই কর্মকর্তাকেও সরিয়ে দিয়েছেন। অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, এ দুটি পদের দায়িত্বে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান এবং তার ডেপুটি কর্মরত ছিলেন। কিন্তু বর্তমানে সাবেক ডেপুটি নৌবাহিনী প্রধান ওয়াং হাউবিন এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেং স্থলাভিষিক্ত হয়েছেন । গত কয়েক দশকের মধ্যে চীনের সামরিক বাহিনীতে এটিই প্রথম বড় রকম পরিবর্তন।
এশিয়া সোসাইটি পলিসি ইন্সটিটিউটের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা ফেলো লাইল মরিস বলেন, ‘সেনাবাহিনীর সর্বশেষ শুদ্ধি অভিযানটি বেশ তাৎপর্যপূর্ণ।এছাড়া চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলেও সবচেয়ে বড় পরিবর্তন এনেছে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি অভাবনীয় এক উপায়ে পিএলএর নিয়ন্ত্রণ করে সংকুচিত করছেন। কিন্তু তার মানে এই নয় যে এটা সম্পূর্ণ।
প্রতিবেদনে আরও বলা হয়, শি জিনপিং চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সর্বোচ্চ সামরিক কমান্ডের চেয়ারম্যান। তিনি গুরুত্বপূর্ণ পদে দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন এবং ইঙ্গিত দিয়েছেন যে, দলের প্রতিটি পদে সবার আনুগত্য এখনও নিশ্চিত করা হয়নি।
এর আগে, গত মঙ্গলবার (২৫ জুলাই) পার্লামেন্টের এক অধিবেশনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কিন গ্যাংকে অপসারণ করা হয়। ওই জায়গায় ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।