রাজধানীতে রাজউকের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে এ হামলা হয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ রাজউকের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে।
সরজমিনে দেখা যায়, রাজধানীর কদমতলী রায়েরবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান শুরু হয়। বেশ কয়েকটি ভবনে অভিযান চালিয়ে নিয়মের ব্যতয় ঘটায় নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলাসহ আর্থিক জরিমানা করা হয়। অভিযান চলাকালে হঠাৎ একদল লোক রাজউক দলের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ রাজউকের কর্মকর্তারা। রাজউকের কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াহ্ ইয়া’র নেতৃত্বে কয়েকটি নকশা বহির্ভূত ভবনে সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকায় অধিকাংশ বিল্ডিং রাজউকের নিয়ম মেনে করা হয়নি বলে তিনি জানান।
মোঃ ইয়াহ্ ইয়া বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন ৮/১) এর রায়েরবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয়। এ সময় এলাকার কিছু উত্তেজিত লোক এসে হামলা চালায়। পরবর্তীতে কদমতলী থানার সহযোগিতায় কয়েকজনকে চিহ্নিত করে আটক করা হয়। এ বিষয়ে কদমতলী থানায় মামলা করা হয়েছে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার মোঃ শরিফুল ইসলাম, ইমারত পরিদর্শক মোঃ শফিউল্লাহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।