‘নতুন এই সিনেমাটির গল্প অসাধারণ। দারুণ একটি জার্নি শুরু করলাম। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে সিনেমার গল্প তৈরি হয়েছে। এতে আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে।’—নিজের নতুন সিনেমার গল্প ও চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। জানা গেছে, ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ শিরোনামের এ সিনেমাটি শুটিং আজ (গতকাল) থেকে শুরু করেছেন তিনি। বিষয়টি নিয়ে মীম তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সঙ্গে তিনি লিখেছেন, ‘নতুন সিনেমা’।
এদিকে এরইমধ্যে ব্যবসাসফল ও প্রশংসিত বেশকিছু সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘পরাণ’ সিনেমাটি। গত বছর মুক্তি পাওয়া এই সিনেমাটি শুধু মীমের ক্যারিয়ারে নয়, আশার আলো দেখিয়েছে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকেও। পাশাপাশি সিনেমাটিতে মীমের অনবদ্য অভিনয় দারুণ প্রশংসা কুড়ায় দর্শকদের।
সেই ধারাবাহিকতা শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজেও ধরে রেখেছেন এই নায়িকা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ । সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসার ঝুলিও পূর্ণ করেছেন তিনি। এর বাইরেও আগামী ৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মীম অভিনীত ‘অন্তর্জাল’। গত ঈদে মুক্তির কথা থাকলেও পরে সিনেমাটি মুক্তি দেওয়া থেকে সরে আসেন নির্মাতা।
তবে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলারধর্মী এই সিনেমাটি ঘিরে এরইমধ্যে দর্শকমহলে বেশ কৌতূহল তৈরি হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও মোশন পিপল স্টুডিও লিমিটেড। এতে মীম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামালসহ অনেকে। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ঠিক এমন সময়ই নতুন সিনেমার খবর দিয়ে ভক্তদের চমকে দিলেন মীম।
নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে বিদ্যা সিনহা মীম আরও বলেন, ‘সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই। যা দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেইসঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে।’