চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূল থেকে মাছ ধরতে গিয়ে প্রবল ঝড় ও ঢেউয়ের তোড়ে পড়ে সাগরে তলিয়ে গেছে মাছ ধরার ট্রলার। এসময় ট্রলারে থাকা ১৪ জেলে পাঁচ ঘণ্টা পানিতে ভেসে থাকার পর উদ্ধার করেছে বরিশালের একটি ট্রলার।
মঙ্গলবার (১ আগস্ট) বঙ্গোপসাগরে ওই ট্রলার ডুবির ঘটনার বর্ণনা দিয়ে ট্রলারের চালক ইয়াসিন মাঝি (৩৫) বলেন, হঠাৎ পানির স্রোত বেড়ে যায় তার সঙ্গে বাতাসও। সাগর উত্তাল হয়ে উঠে । তাই প্রাণপন চেষ্টা করেও টিকে থাকা গেলো না সাগরে। শেষমেশ পানির ধাক্কায় ট্রলারের ফেঁটে ভেতরে পানি ঢুকতে ঢুকতে একপর্যায়ে তা পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে ৫ ঘণ্টা ভেসে থাকার পর বরিশালের একটি ট্রলার এসে আমাদের উদ্ধার করে নিয়ে আসে।
ট্রলারে থাকা শ্রমিক হেলাল জানান, ট্রলারটি ডুবার সময় এর মধ্যে ১৩শ ফুট মাছ ধরার জাল, ১২শ মাছ ও ট্রলারের সব সরঞ্জাম ছিল।
ট্রলার মালিক মো. নিজাম বলেন, রোববার সকালে রায়পুর ফকিরহাট ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্য রওনা দেয় আমার মালেক শাহ্-১ নামের ট্রলারটি। মঙ্গলবার ভোর থেকে তারা ঝড়ের কবলে পড়ে ঢুবে যায় আমার ট্রলারটি৷ এ ঘটনায় সব মিলিয়ে তার ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
তিনি বলেন, আজ আমার ট্রলার ছাড়াও ‘আল্লাহর দান’ ও মো. ফয়েজ নামের আরও দু'টি ট্রলার ডুবে গেছে।
এ বিষয়ে কোস্টগার্ড সিজি স্টেশন সাঙ্গুর রুহুল আমিন বলেন, খবর পেয়ে কর্নেলের নেতৃত্বে ‘জয় বাংলা’ নিয়ে তাদের উদ্ধারের জন্য রওনা হয়েছিল। তবে এর আগে তাদের উদ্ধার করা হয়।