রাজধানীতে বৃষ্টিপাতের কারণে বাতাসের মানে কিছুটা পরিবর্তন এসেছে। সাধারণত দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান উপরের দিকে থাকলেও আজ ৩৫তম। তালিকার প্রথম তিনে আছে লাহোর, দুবাই ও কুচিং।
বুধবার (২ জুলাই) সকালের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ দেখানো হয়েছে।
সর্বশেষ বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ৫৭ দেখা গেছে। ‘মাঝারি’ ধরনের এই মান ‘গ্রহণযোগ্য’ মানের হিসেবে বিবেচনা করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআইয়ের তথ্য অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ পর্যন্ত হলে ভালো বায়ু এবং ১০১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর, স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এছাড়া বায়ুর মান ৩০০ এর বেশি থাকা মানে ওই স্থানের বায়ু খুবই বিপজ্জনক।