রংপুরে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সব ধরনের নিরাপত্তার জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানোসহ শহরে কোনো ভারী যানবাহন ঢুকতে না দেওয়া হচ্ছে না। এতে করে পায়ে হেঁটে সভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। শহরের গুত্বপূর্ণ প্রবেশ পথ ও মোড়ে মোড়ে রয়েছে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উঁচু ভবনের ছাদে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর প্রতি ফ্লোরে ফ্লোরে প্রশিক্ষিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
তিনি বলেন, জনসভাস্থল, পুরো শহর এবং সার্কিট হাউজ পুরোটাই সিসিটিভির কাভারেজসহ এক হাজারেরও বেশি সিসিটিভি ক্যামেরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নগরীর প্রবেশ দারগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা ও যাওয়া নির্বিঘ্নে করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে শাপলা চত্বর এলাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কোনো ভারী যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না।দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নির্ধারিত ২১টি পয়েন্টে যানবাহন রেখে বিভিন্ন নেতার পক্ষ থেকে মিছিল নিয়ে জনসভা অভিমুখে রওনা হচ্ছেন।