চলে গেলেন হাটহাজারীর বীর মুক্তিযোদ্ধা এসএম ইলিয়াছ চৌধুরী

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ ইউসুফ চৌধুরী বাড়ীর বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সদস্য অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার এসএম ইলিয়াছ চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে --- রাজেউন)। বুধবার (২৬ জুন) সকাল সাতটার দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরুল আলম বলেন, 'আমার রণাঙ্গনের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এসএম ইলিয়াছ চৌধুরী ছিলেন একজন সৎ সাহসী ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষভাবে সংগঠিত অনেক ঘটনার সাক্ষী।'

আরও পড়ুন:  কলেজ ছাত্রীর শরীরে আগুন, ১৩ দিন পর মারা গেলেন ফুলন রানী

এছাড়াও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, চট্টগ্রাম জেলা সংসদ সন্তান কমান্ড, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, উপজেলা বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নবগঠিত ইউনিট আহবায়ক কমিটি ও সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ এবং উপজেলা মুক্তির সংগ্রাম পাঠচক্র।

বুধবার এশার নামাজের পর ইউসুফ চৌধুরী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/জেডএইচডি