কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে রুমানা রুমি (৩০) নামের এক গৃহবধূ দুই সন্তানসহ পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মো. ইয়াসিনকে (৭) জীবিত উদ্ধার করা গেলেও বাকি দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সাবরাং ইউপির স্থানীয় সদস্য মোহাম্মদ সেলিম। গতকাল বুধবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন বৈইঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রুমানা রুমি (৩০) বৈইঙ্গাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তবে ৪০ দিন বয়সের বাচ্চাটির খোঁজ সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
মোহাম্মদ সেলিম মেম্বার বলেন, রুমানা রুমি ও তার স্বামী আব্দুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল। এ ঘটনার জেরে বুধবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একটি পুকুরে দুই সন্তানসহ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
এ সময় স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পুকুরে খোঁজাখুঁজির পর মো. ইয়াসিন ও রুমানা রুমিকে উদ্ধার করে। উদ্ধারের পর রুমানা মারা যান। ইয়াসিনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ৪০ দিনের শিশুটিকে পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছিলেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, সকালের দিকে রুমানা রুমির লাশ উদ্ধার করা হয়। তার ছেলে ইয়াসিনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলেও ৪০ দিন বয়সের আরেক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।