বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ ও আদালত অবমাননার অভিযোগে করা আবেদন শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। অভিযোগটি আজ শুনানির জন্য কার্যতালিকায় ছিল।
শুনানির শুরুতেই রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানীয়া আমীর বলেন, মামলা কার্যতালিকায় রয়েছে। এর মধ্যেই আগামী ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়তে ইসলামী। এতে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন, শুনানির পর বিষয়টি নির্ধারণ হবে। পরে নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ আগামী ১০ আগস্ট ধার্য করেন আদালত।