ভোলার চরফ্যাশনে ডেঙ্গু সন্দেহে এক নারীর মৃত্যু হয়েছে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে বুধবার (২ আগস্ট) রাত ৮টার দিকে তিনি মারা যান।
মৃত হাজেরা বেগম (৩৪) উপজেলার দুলারহাট থানা এলাকার নীলকমল ইউনিয়নের বাসিন্দা।
মৃত হাজেরার ভাই লোকমানের দাবি, ৩০ জুলাই (রোববার) হাজেরা বেগমের ডেঙ্গু রোগ শনাক্ত হয়। তাকে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান। এরপর বুধবার হঠাৎ তার শরীর অস্বাভাবিক ফুলে উঠে। পরে হাজেরাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির উপরে উঠার সময়ে খিচুনি উঠে তিনি সিঁড়িতেই পড়ে মারা যান।
চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই ওই নারী মারা গেছেন। আগে কোনো হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা হয়েছে কিনা তা জানি না। এ পর্যন্ত চরফ্যাশনে ১৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় দ্রুত ডেঙ্গু রোগী বাড়ছে। এ জন্য মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।