পুলিশের গাড়ি আটকে ‌‘গোলাগুলি’, ধর্ষণ মামলার আসামি নিহত

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়া সেতু এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) দিনগত রাত দুইটায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে দেশে তৈরি একটি বন্দুক, দুটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা করা হয়। 

পুলিশ দাবি করছে, নিহত ব্যক্তি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও আরেকটি ধর্ষণ মামলার আসামি। নিহত সাজেদুল হাসান ওরফে মুন্না (৩৩) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মাঈন উদ্দিনের ছেলে।

চকরিয়া থানা পুলিশ জানায়, বুধবার দিনগত রাত দুইটার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কে টহল দিচ্ছিল। এ সময় হারবাং ছড়া সেতুতে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন পুলিশের গাড়ির গতিরোধ করে। পুলিশ অটোরিকশা থেকে নামতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল আরোহীরা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।

হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর কাইছার হামিদ জানান, নিহত ব্যক্তির পিঠে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, মূলত মোটরসাইকেল আরোহীরা ডাকাত ছিল। পুলিশের সঙ্গে ডাকাত দলের অন্তত ১০ থেকে ১২টি গুলি বিনিময় হয়। এতে একজন ডাকাত নিহত হন। মৃতের বিরুদ্ধে ডাকাতির কোনো মামলা নেই। তবে, একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলার আসামি ছিলেন নিহত যুবক।