পাবনায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ, আটক ১৩

পাবনার সাঁথিয়ায় হারুন অর রশিদ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার সোনাতলা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হারুন অর রশিদ উপজেলার নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা  হারুন অর রশিদ বাড়ি থেকে ভ্যানযোগে সোনাতলা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। ইছামতি নদীর বটতলা আবুল বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৩ জনকে আটক করেছে।

হারুন অর রশিদের ভাই জুয়েল বলেন, আমার ভাইকে নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমানের লোকজন পিটিয়ে জখম করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রাহমান বলেন, মারধরের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। মারপিটের বিষয়টি আমি পরে শুনেছি। আগামী নির্বাচনে আমাকে প্রতিহত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৫টি হাসুয়া ও দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।