৩৭০ ধারা বাতিলে জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলগুলো উপকৃত হয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী ঋজিজু

ভারতের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন ঋজিজু বলেছেন, ৩৭০ ধারা বাতিলের পর সরকারি প্রকল্পের সুবিধা জম্মু ও কাশ্মীরের প্রতিটি ব্যক্তি পেয়েছে।

শনিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রিওয়ায়াত হলে আয়োজিত একটি আইনি সহায়তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

ভারত সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন ও কল্যাণমুখী কর্মসূচির বাস্তবায়ন মূল্যায়ন করাই তার সফরের উদ্দেশ্য বলে জানান তিনি।

সরকারি সুবিধা এখানকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছেছে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কাশ্মীরের হস্তশিল্প গুণগতমান এবং স্বাতন্ত্রের জন্য বিশ্ববিখ্যাত। কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ব্রিটিশ শাসনামলে কার্যকর হয়েছে, কিন্তু এখনকার সময়ে অপ্রয়োজনীয়, এমন অনেক আইন আছে। সাধারণ জনগণকে এর বেড়াজাল থেকে মুক্তি দিতে অনেক আইনই সংশোধন করা হয়েছে।

মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন দপ্তর কর্তৃক সাজানো স্টলগুলো পরিদর্শন করে তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।

রাহুল গান্ধী প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ঋজিজু বলেন, এখানে তারা উন্নয়ন প্রকল্পের জন্য এসেছেন। তারা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন। রাহুল গান্ধীর মতো নেতিবাচকতা ছড়াতে তিনি পছন্দ করেন না।

এ অনুষ্ঠানে উধমপুরের প্রিন্সিপাল, জেলা ও দায়রা জজ, ডিডিসি উধমপুরের চেয়ারম্যান লাল চন্দ, ডিডিসি উধমপুরের ভাইস চেয়ারম্যান, উধমপুরের ডেপুটি কমিশনার, বিডিসি চেয়ারম্যান, ডিডিসি সদস্যরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।