‘বাংলাদেশ ও ভার‌তের জাতীয় স্বার্থ একই সূত্রে গাঁথা’

ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক দিক বিবেচনায় নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ে বাংলাদেশ ও ভারতের জাতীয় স্বার্থ একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বসহ পৃথিবীর অন্যান্য দেশ কী ভাবছে সেটি মুখ্য নয়। এ ক্ষেত্রে ভারতের নিজস্ব ভাবনা রয়েছে।’

গত বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে দিল্লির সাংবাদিক গৌতম লাহিড়ীর এক প্রশ্নের জবাবে একথা বলেন অরিন্দম বাগচী।  

তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের নির্বাচন নিয়ে একাধিক কর্মকাণ্ড রয়েছে। অনেকে সম্ভবত এ নিয়ে মন্তব্য করেছে। সারা বিশ্ব এ বিষয়ে মন্তব্য করতে পারে, কিন্তু ভারত ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে।’

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া উচিত। আমরা অবশ্যই এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বাগচী বলেন, ‘এ বিষয়ে আমার তাৎক্ষণিক কোনো মন্তব্য নেই। আমরা আশা করব দেশটিতে শান্তি বজায় থাকবে এবং কোনো সহিংসতা ঘটবে না। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য ইস্যুতে আমার কোনো মন্তব্য নেই।’

অরিন্দম বাগচী বলেন, ‘ভারত আশা করছে-বাংলাদেশে শান্তি সমুন্নত থাকবে এবং কোনো সহিংসতা হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে নির্ধারণ করবে সেভাবেই নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত। কূটনীতিক ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্রের জনগণের মতামত বা ইচ্ছা তার নিজস্ব সংবিধান ও আইনেই প্রতিফলিত হয়। এর অর্থ এই যে বাংলাদেশের নির্বাচন তার নিজস্ব ও অভ্যন্তরীণ বিষয়।’