কুমিল্লার বরুড়া উপজেলা সদরের কেন্দ্রস্থলে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর মাসব্যাপী তথ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শনে ডিজিটাল বিলবোর্ডের (স্মার্ট ইলেক্ট্রনিক বিলবোর্ড) উদ্বোধন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার (৫ আগস্ট) বিকালে ডিজিটাল বিলবোর্ডের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম। তিনি ১৭ লাখ টাকা ব্যয়ে বিলবোর্ড স্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরহাদসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
শফিউদ্দিন শামীম বলেন, শোকের মাস পরবর্তীতে এ বিলবোর্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের নানাবিধ উন্নয়ন ও সাফল্যের তথ্যচিত্র উপস্থাপন করা হবে। এছাড়া স্বাস্থ্য ও সমাজ উন্নয়নের নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে ও জনগণকে সচেতন করার লক্ষ্যে ডিজিটাল বিলবোর্ডটি ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশকে জনগণের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।