অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। সেইসঙ্গে আসন্ন এশিয়া কাপেও খেলবেন না এই ওপেনার। ফলে ওয়ানডে সংস্করণে কে হবে বাংলাদেশের অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা। অধিনায়ক হওয়ার দৌড়ে অভিজ্ঞ সাকিব আল হাসানকে এগিয়ে রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।
শনিবার (৫ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, 'সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা, ক্যাপ্টেন্সি, এক্সপেরিয়েন্স সবকিছুই তো বেশি। তারপরেও আমি লিটনকে ছোট করতে চাইনা, কারণ লিটন ভালো অধিনায়কত্ব করেছে। কিন্তু আমি মনে করে যে টিমে সাকিব আল হাসানের মতো খেলোয়াড় আছে, সেই টিমের দায়িত্ব সাকিবকে দেওয়াই ঠিক। আমার ব্যক্তিগত মতামত হলে সাকিবের কথা চিন্তা করতাম।'
সাকিবকে অধিনায়ক করা না হলেও এটা কোন বড় বিষয় হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, 'একই সঙ্গে শান্ত, মিরাজ, লিটন এরা তৈরি হবে। আর্মব্যান্ডটা একদিন ওদের হাতে যাবে। তামিম আজকে করতে চাচ্ছে না, সাকিব হয়তো অবসর নেবে এক সময়, মুশফিক অবসর নেবে। তখন এরাই সিনিয়র ক্রিকেটার হবে। তারপরও বলি লিটনকে দিলে সাকিবের জন্য খুব বড় ইস্যু হবে না। সাকিবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সাকিবের কাছে এসব মেটারই করে না। সাকিব লিটনকে আরও অনেক বেশি সাহায্য করবে।’