মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দূতাবাসের কন্সুলার সহকারী ইবাদ উল্লাহ্র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশনের কাউন্সিলর (শ্রম) সোহেল পারভেজ, প্রবাসী ব্যবসায়ী ও আওয়ামী লীগের মালদ্বীপ শাখার সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর, সাধারণ সম্পাদক এবং ভিউ কনস্ট্রাকশনের সিইও দুলাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মালদ্বীপ শাখার সিনিয়র সহসভাপতি হাজী সাদেক, সহসভাপতি মনির হোসেন, শাহজালাল সিকদার, গাজী সাদেক, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রিন্টু, নুরে আলম ভূঁইয়া, মীর হোসেনসহ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রবাসী বাংলাদেশীরা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব চন্দন কুমার শাহ এবং মিশনের প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) শিরিন ফারজানা।
প্রধান অতিথি হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আম আবুল কালাম আজাদ তরুণ ও যুব সমাজকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী অনুসরণ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ততার মাধ্যমে সুন্দর জীবন গঠনের জন্য আহবান জানান। পরে শেখ কামালের উপর নির্মিত একটি ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।