টাঙ্গাইলের ভূঞাপুরে এক আওয়ামী লীগ নেতা ও তার দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তোভোগীরা।
শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মাটিকাটা বাজারের আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলা নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জুরান মল্ডল।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা জুরান মণ্ডল বলেন, কয়েক মাস আগে বালু ব্যবসায়ী মুসলিম উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বালুর ঘাট দখল করতে গিয়েছিল। এ সময় স্থানীয় হিসেবে আমরা সেখানে উপস্থিত থাকায় তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ দুই ছেলে শুভ ও সুমন গুরুত্বর আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এতে আমার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই ঘটনায় মুসলিম উদ্দিন, মমিন সরকার, মোন্নাফসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার করার পর প্রতিপক্ষরাও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে করা মামলায় থানা পুলিশ আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করে। কিন্তু পরবর্তীতে বাদীপক্ষ আদালতে নারাজি দিলে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন পিবিআই। পরে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা আনিস টাকা দাবি করে। কিন্তু টাকা না দেওয়ায় একতরফাভাবে বাদীর পক্ষে প্রতিবেদন দাখিল করে। মুসলিমের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওয়ারেন্ট থাকার পরও মুসলিম গত বৃহস্পতিবার মিথ্যা অভিযোগ এনে টাঙ্গাইল প্রেসক্লাবে আমার ও দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।
আওয়ামী লীগ নেতা বলেন, নিকরাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানে পক্ষে নির্বাচন করায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার বিএনপির কিছু নেতাদের দিয়ে মিথ্যা মামলা হামলা করছে। এছাড়া প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
অভিযুক্ত বালু ব্যবসায়ী মুসলিম উদ্দিন বলেন, আমার বালুর ঘাট দখল করে বালু বিক্রি করেছে তারা। এছাড়া উল্টো তিনি আমাদের বিরুদ্ধে মামলা করেছে। তার অভিযোগগুলো মিথ্যা।