রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন স্বামী। গত শুক্রবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর ড্রাইভারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শুভা রাণী (৪৪)। আর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী রবীন্দ্রনাথ, তিনি একই গ্রামের গৌরাঙ্গ চরণের ছেলে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) ফরহাদ মণ্ডল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে পারিবারিক কলহের জেরে রবীন্দ্রনাথের সঙ্গে স্ত্রী শুভা রাণীর ঝগড়া হয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। শুভার চিত্কারে ছুটে আসেন স্বজনরা। ভাবীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই চেতনা চন্দ্র গুরুতর জখম হন। এলাকাবাসী ছুরিকাঘাতে জখম শুভা রাণী ও চেতনাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে শুভা রানীর মৃত্যু হয়।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, এ রকম একটি ঘটনা শুনে আমরা সকালেই ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।