সেনাবাহিনীর প্রশংসায় ইস্ট বেঙ্গল কোচ

ডুরান্ড কাপে আজ ইস্ট বেঙ্গলের মুখোমুখি সেনাবাহিনী

ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় মোহন বাগান ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। সেই খেলাটা দেখেছেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। অন্যরা যেমন সমালোচনা করেছেন কুয়াদ্রাত গেছেন উল্টো বিপরীতে। তার কথা শুনে সেনাবাহিনীর কর্মকর্তা কোচ খেলোয়াড়রা একটু হলেও মানসিক প্রশান্তি পেতে পারেন। অন্তত হারের জ্বালাটা কিছু হলে কমতে পারে। 

ইস্ট বেঙ্গল কোচ কুয়াদ্রাত টেকনিক্যাল বিচার করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলের প্রশংসা করেছেন। এই কোচের কথা সবাই মনোযোগ দিয়ে শুনলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী যখন ১-০ গোলে পিছিয়ে ছিল তখন গোল শোধ করার একটা সুযোগ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটি হয়নি। আমার কাছে মনে হচ্ছে যদি সেই গোলটা হয়ে যেত, তাহলে ম্যাচের মোড় ঘুরেও যেতে পারত। এমন কি আমি বলব ড্রও হতে পারত।’

সাংবাদিকদের বললেন, ‘আপনারা যেভাবেই বলুন আমি সেনাবাহিনীর ফুটবল দলটাকে উড়িয়ে দিচ্ছি না। গুরুত্ব দিয়েই আজকে মাঠে নামব। জয়ের জন্যই নামব।’

ইস্ট বেঙ্গল ক্লাব ফুটবলে অনেক দিন ধরে ট্রফি পায় না। বিশেষ করে ১০০তম জন্মবার্ষিকীর পর থেকে দলটার মধ্যে কোনো লক্ষ্মী কাজ করছে না। বারবার স্পন্সর বদল। একটা স্পন্সর আসলেও থাকছে না। সাফল্য না পাওয়ায় কোচও বার বার বদল হয়েছে। কোচ আসে কোচ যায় কিন্তু ইস্ট বেঙ্গলের শোকেসে ট্রফি ঢুকছে না। বিদেশি ফুটবলার বার বার পরিবর্তন করা হয়েছে। তাতেও কাজ হচ্ছে না। সমর্থকরা বার বার হতাশ হচ্ছেন আবার ঘুরে ফিরে তারা দলের ওপর আস্থা রেখে আশা জমাচ্ছেন বুকে।

ইমামি নামের একটি প্রতিষ্ঠান ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে। ক্লাবকে পৃষ্ঠপোষকতা করছে ইমামি। ২৬ জন ফুটবলারের তালিকাও ঘোষণা করেছে। নতুন মৌসুমের জন্য দল গঠন করছে। বার্সেলোনা যুব দলের কোচ ছিলেন কুয়াদ্রাত। ভারতে আইএসএলে ব্যাঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করিয়েছেন। তাকেই আনা হয়েছে। এই কোচ দিয়ে এবার যদি সাফল্য আসে সেই স্বপ্ন নিয়ে শুরু করছে ইস্ট বেঙ্গল। অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসতে চাইছে ক্লাবটি।

আজ সেনাবাহিনী প্রতিপক্ষ হলেও ইস্ট বেঙ্গলের মূল ভাবনায় মোহন বাগান। ১২ আগস্ট ইস্টবেঙ্গল-মোহন বাগান ডার্বি হবে। টানা ৯ ম্যাচ মোহন বাগানের বিপক্ষে জয় নেই ইস্ট বেঙ্গলের।