চলমান নারী ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষে গতকাল শনিবার (৫ আগস্ট) থেকে শুরু হয়েছে নক আউট পর্বের খেলা। যেখানে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও স্পেন এবং দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল নরওয়ে এবং জাপান।
এদিন বড় জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন এবং জাপান। শনিবার অস্ট্রেলিয়ার ইডেন পার্কে অনুষ্ঠিত হওয়া দিনের প্রথম খেলায় সুইজারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়েছে স্পেন। এ ম্যাচে প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় তারা। দলটির হয়ে জোড়া গোল করেন আইতানা বোনমাতি। এছাড়া গোল আসে আলবা রেদোন্দো, লাইয়া কোদিনা ও হেনিফার হার্মোসোর কাছ থেকেও।
ওয়েলিংটনে হওয়া দিনের ওপর ম্যাচে ১৯৯৫ নারী বিশ্বকাপ জয়ী দল নরওয়েকে ৩-১ গোলে হারিয়েছে ২০১১ বিশ্বকাপ জয়ী জাপান। এ ম্যাচের ১৫ মিনিটের মাথায় নিজেদের ভুলেই পিছিয়ে যায় নরওয়ে। আত্মঘাতী গোল করে বসেন নরওয়েজিয়ান ডিফেন্ডার ইনগ্রিদ এনজেন। তবে পাঁচ মিনিটের ব্যবধানে দারুণ এক হেডে বল জালে জড়ান গুরো রেইতেন সমতায় ফেরায় তাদের। কিন্তু সমতা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। জাপানের দাপুটে পারফরম্যান্সের কাছে রীতিমতো খাবি খাচ্ছিল।
বিরতির পর একচেটিয়া আধিপত্য দেখায় জাপান। ৫০ মিনিটে বুলেট গতির শটে তাদের এগিয়ে দেন রিসা শিমিজু। এরপর ব্যবধান বাড়ানোর কাজটি করেন হিনাটা মিয়াজাওয়া। টুর্নামেন্টে এ নিয়ে পাঁচ গোল করে গোল্ডেন বুটের তালিকায় শীর্ষে আছেন তিনি।
এদিকে আজ নক আউট রাউন্ডের দ্বিতীয় দিনে দুই ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং সুইডেন-যুক্তরাষ্ট্রের। এই দুই ম্যাচে জয়ী দুই দলকে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে স্পেন ও জাপান।