টরন্টো এখন পিকনিকের শহর

শীত প্রধান কানাডায় এখন গ্রীষ্ম চলছে। আর প্রকৃতির এই চমৎকার পরিবেশে নানান অনুষ্ঠানে জমজমাট হয়ে উঠছে নান্দনিক পার্কগুলো। প্রতি শনি ও রোববার একাধিক জেলাভিত্তিক সংগঠনের বনভোজনের অনুষ্ঠানে প্রবাসী বাঙালিরা এখন উৎসবে মুখরিত।

গেল সপ্তাহের শেষ হলো ফোক উৎসব, পথমেলা। আর বাংলাপাড়ার ডেন্টোনিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বাংলামেলা। শনিবার (৫ আগস্ট) গ্রেটার বরিশাল ক্লাব কানাডার জমজমাট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হল টরন্টোর অ্যাডামস পার্কে। বরিশালবাসী ও তাদের স্বজন-বন্ধুদের অংশগ্রহণে পুরো পার্ক যেন বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে টরন্টোর বাংলাদেশ কনসাল জেনারেল লুৎফর রহমান বলেন, বরিশাল নানাদিক দিয়ে সমৃদ্ধ। এখানে অনেক বিখ্যাত মানুষদের জন্ম হয়েছে। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, মুক্তিযুদ্ধে বরিশালের মানুষদের অনেক অবদান আছে। বৃহত্তর বরিশালের বাইরে যারা আছেন তারাও নানাভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।

364545952_1060924238611226_6482384973531706606_n

অনুষ্ঠানে অতিথি হিসেবে  আরও  উপস্থিত ছিলেন কানাডার অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের সংসদ সদস্য ডলি বেগম।

এছাড়া রিয়েল এস্টেট এজেন্ট, আইনজীবী, মর্টগেজ এজেন্ট, ইমিগ্রেশন কনসাল্টেন্ট, টিভি ও সংবাদপত্রের মালিক ও সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বরিশাল ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব কর্মকার ও  সভাপতি শামসুল আলম।

পিকনিকের কনভেনর হিসেবে দায়িত্ব পালনকারী মাহবুব ওসমানী জানান, গ্রেটার বরিশাল ক্লাব কানাডা বনভোজন ছাড়াও আরও সামাজিক কাজে ভূমিকা রাখে। সেই সঙ্গে বিদেশে স্বদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। তুলে ধরে দেশি সংস্কৃতির ঐতিহ্য।