কুমিল্লার দাউদকান্দিতে ৯৯৯-এ ফোন করে মাদক কারবারি ছেলে কাইয়ুম হোসেন মুন্না (৩৩)কে ধরিয়ে দিলেন মা। রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
জানা গেছে, মুন্না নারায়ণগঞ্জে থাকতো। কয়েক বছর হলো সে এলাকায় এসে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে। তার কারণে এলাকার যুবসমাজ নিয়ে চিন্তিত হয়ে পড়ে এলাকার মানুষ। এলাকার লোকজন তাকে কয়েকবার সতর্ক করেছিল। কিন্তু কোন কাজ হয়নি। আজ তার মা পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দেয়।
মুন্না মিয়ার মা কুলসুম আক্তারের বরাত দিয়ে পুলিশ বলছে, মুন্না ইয়াবা-ফেনসিডিল সেবন করে তার মাকে মারধর করতো। আজ সে ঘরে ইয়াবা সেবন করার প্রস্তুতি নিলে তার মা নিজে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়।
দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ মুন্নাকে আটক করা হয়। মাদক মামলা করে তাকে আদালতে পাঠানো হবে।