ডেঙ্গুতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে আরিফা আক্তার (৯) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার (৬ আগস্ট) সকালে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আরিফা সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৬৬ নম্বর নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং একই উপজেলার রাধারবাড়ি এলাকার জহুরুল খানের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় শনিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উল্লেখ্য, এই প্রথম মাদারীপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগে মৃত্যু হয়।

মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মেদ খান বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা চিকিৎসা কার্যক্রম শুরু করলেও শিশুটি মারা যায়।’