ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে দু’টি জাহাজ ডুবে অন্তত ৩০ অভিবাসী নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শনিবার ঝড়ো আবহাওয়ায় দু’টি জাহাজ ডুবে যাওয়ার পর একটি থেকে অন্তত ২৮ জন সাগরে নিখোঁজ রয়েছেন। আর দ্বিতীয়টি থেকে নিখোঁজ হয়েছেন আরও তিনজন। জাহাজ দু’টি বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে রওনা দিয়েছিল।
প্রেস অফিসার ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেছেন, আইওএম-এর কর্মকর্তাদের ধারণা, বেঁচে যাওয়াদের সঙ্গে কথা বলার পর কমপক্ষে ৩০ জন নিখোঁজ ছিল।
পাশাপাশি নিকটবর্তী ইতালীয় দ্বীপ সিসিলির অ্যাগ্রিজেন্তোতে জাহাজ ডুবির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অ্যাগ্রিজেন্তোর পুলিশ প্রধান ইমানুয়েল রিসিফারি বলেছেন, পাচারকারীরা উত্তাল সমুদ্রের পূর্বাভাস জানত।
তিনি ইতালীয় গণমাধ্যমকে বলেছেন, ‘যে তাদের এই সাগর পাড়ি দিতে পরামর্শ দিয়েছে বা বাধ্য করেছে, সে একজন অপরাধী এবং পাগল। আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস ছিল। আশা করি তারা এই পথে যাত্রা থামাবে। লোকগুলোকে এই পথে মরতে পাঠাচ্ছে অসাধু চক্ররা।’