তাহলে কি অবসরে যাচ্ছেন রুমানা!

বাংলাদেশ নারী ক্রিকেট দল গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যায়, তখন থেকেই দলের বাইরে টাইগ্রেস অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষের অনুষ্ঠিত হওয়া ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না স্কোয়াডে। 

এতোদিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও হুট করে গত পরশু রাতে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন রুমানা। সেখানে তিনি ইংরেজিতে লিখেন ‘নো মোর ক্রিকেট’ বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘আর ক্রিকেট নয়।’ 

এ সময় সবার মনে প্রশ্ন জাগে, তাহলে ক্রিকেটকে বিদায় জানাতে চলছেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার? তবে এই পোস্টের কারণ খোলাসা করেননি তিনি। শনিবার (৫ আগস্ট) এমন রহস্যময় পোস্ট দেওয়ার পর রুমানার সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি এর খোলাসা করেননি। এ বিষয়ে কোনো কথাও বলতে চানননি। শুধু এতটুকুই বলেন, ‘সবকিছু দ্রুতই জানতে পারবেন। আমি আনুষ্ঠানিকভাবেই সব জানাব।’ 

২০১১ সালে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়ে টাইগ্রেসদের হয়ে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় রুমানার। এর পরের বছর ডাবলিনে একই দলের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটেও অভিষেক হয় তার। এরপর লম্বা সময় ধরে দলের সঙ্গে থাকলেও গেল ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা হারান তিনি।

যদিও সময়ের সঙ্গে বয়স বৃদ্ধির কারণে মাঠের পারফরম্যান্সে ভাটা পড়ে এই অভিজ্ঞ অলরাউন্ডারের। এছাড়া সম্প্রতিক পারফরম্যান্সেও খুব বেশি একটা সুবিধাজনক ফর্মে ছিলেন না তিনি। গত বছর ৮ ওয়ানডে খেলে তার উইকেট কেবল ৫টি, রান করেছেন ৮ ইনিংস মিলিয়ে ৭০। 

অন্যদিকে টি-টোয়েন্টিতে ২০১৯ সালে একটি ফিফটির পর টানা ২০ ইনিংসে আর পঞ্চাশ ছুঁতে পারেননি। সবশেষ ১০ ইনিংসের ৭টিতেই আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। এই সংস্করণে সবশেষ ১৫ ইনিংসে তার উইকেট ১৫টি।

এদিকে বাংলাদেশের হয়ে গেল বছর ডিসেম্বরে শেষবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামতে দেখা যায় রুমানাকে। তবে ২০২৩ সালে দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগই পাননি তিনি। এছাড়া চলতি বছর অনুষ্ঠিত হওয়া নারী ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি তিনি। ৭ ম্যাচে ১৮২ রান করা রুমানা বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। মূলত বর্তমানে দলে থাকা তরুণীদের সঙ্গে পাল্লা দিতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। তাই নিজের জায়গা হারিয়েছেন দলে।