মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সাংগঠনিক সংস্কৃতিচর্চায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ ও তিতাস আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন। আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলরুমে বঙ্গীয় সঙ্গীত পরিষদ ত্রিপুরা রাজ্য কমিটি এ সম্মাননা প্রদান করে। রাজ্যভিত্তিক বার্ষিক সমাবর্তন উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় আবৃত্তিশিল্পী মো. মনির হোসেনকে নিবেদন করে শান্তিনিকেতনের শিক্ষার্থী সমর্পিতা বর্মণের কণ্ঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে সঙ্গীতটি পরিবেশনের মাধ্যমে সম্মাননা প্রদান পর্ব শুরু হয়। তাঁকে নিয়ে এ সময় বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট গবেষক ও সংগঠক ড. দেবব্রত দেব রায়। বঙ্গীয় সঙ্গীত পরিষদের ত্রিপুরা রাজ্যের কেন্দ্রাধ্যক্ষ নির্মল দেবের সভাপতিত্বে ও সংগঠক উদয় শঙ্কর ভট্টাচার্যের সঞ্চালনায় মনির হোসেনকে ফুলেল শুভেচ্ছা, সমাবর্তন স্মারক, সম্মাননা ক্রেস্ট, উপহার ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। মানপত্র তুলে দেন ত্রিপুরার গণমানুষের কবি দিলীপ দাস ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন বঙ্গীয় সঙ্গীত পরিষদের ভারতবর্ষীয় সংগঠক শ্যামল গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদ সভাপতি ও প্রবীণ রবীন্দ্র গবেষক সুবিমল রায় এবং অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী সংঘমিত্রা নন্দি ও শ্যামল গঙ্গোপাধ্যায়।