পরীর ‘রাজ্য’ এখন ‘পদ্ম’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বর্তমান সব ব্যস্ততা যাচ্ছে ছেলেকে নিয়েই। আসছে ১০ আগস্ট তার সন্তানের এক বছর পূর্ণ হবে। সন্তানের প্রথম জন্মদিনকে ঘিরে পরীমণির উচ্ছ্বাস-আগ্রহের শেষ নেই। তবে জন্মদিনের আগে ছেলের নাম বদলে ফেললেন পরী। শাহীম মুহাম্মদ রাজ্যের পরিবর্তে নতুন নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এখন থেকে এ নামটিই চূড়ান্ত বলে জানিয়েছেন পরীমণি।

সোমবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে আব্দুল আজিজ লেখেন, আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কি? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।

আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানান পরী। লিখেছেন- শাহীম মুহাম্মদ পদ্ম। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে, পুত্রকে তিনি ‘রাজ্য’ নয় বরং ‘পদ্ম’ নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এ নায়িকার ফেসবুক পোস্টে ছেলেকে পদ্ম নামে ডাকতে দেখা যায়। অনেকের ধারণা ছিল ভালোবেসেই ছেলেকে তিনি পদ্ম নামে ডাকেন।


 
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। ভালোবেসে বিয়ে করেছিলেন ২০২১ সালে। এরপর ২০২২ সালে তাদের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান। শরিফুল রাজের নামের সঙ্গে মিল করে রেখেছিলেন ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।