ঘুষ দিয়ে চাকরি! জেলে যেতে হল চার শিক্ষককে

ঘুষের বিনিময়ে চাকরি নিয়ে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের চার স্কুল শিক্ষক। অভিযোগের ভিত্তিতে তাদেরকে সোমবার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে আলিপুর নগর দায়রা আদালত। খবর আনন্দবাজারের।

গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পর বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, ‘এদের জন্যই এত কিছু (সমস্যা)।’

এর আগেও রাজ্যে নিয়োগ দুর্নীতিতে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এই তালিকায় পশ্চিমবঙ্গের একাধিক প্রভাবশালীর নামও রয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মাস খানেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় ওই চার শিক্ষককে সমন পাঠিয়েছিল আলিপুর নগর দায়রা আদালত। সিবিআইয়ের চার্জশিটে ওই চার জনের নাম ছিল। অভিযুক্তরা হলেন, জহিরাদ্দিন শেখ, সাইগর হোসেন, সিমর হোসেন এবং সমর মণ্ডল। চার জনই মুর্শিদাবাদের বাসিন্দা। 

তদন্তকারীরা চার্জশিটে বলেন, তাপস মণ্ডল নামের এক লোকের মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছেন অভিযুক্তরা। সোমবার ওই চার জন আদালতে হাজির হন।

অভিযুক্তরা হাজিরা দেওয়ার পরপরই জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। কিন্তু আবেদন খারিজ দেন বিচারক। তিনি বলেন, ‘কেন এদের জামিন দেওয়া হবে? এদের জন্যই এত সমস্যা।’

পরে বিচারক অভিযুক্তদের নিকট জামিন দেওয়ার কারণ জানতে চান। বিচারকের মন্তব্য, অভিযুক্তদের নিকট কেউ টাকা চাইতে যায়নি। তারা নিজেরাই টাকা দিয়েছেন চাকরির জন্য।

সওয়াল-জবাবে চার জনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। ২১ অগস্ট পর্যন্ত তাদের প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।