চালক বরখাস্ত

ট্রেনের চুরিকৃত তেল বিক্রি পাওয়ার কারের

‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারের ডিজেল তেল চুরি করে বিক্রির দায়ে পাওয়ার কারের চালক (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিনকে (৩৭) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের সঙ্গে সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের বৈদ্যুতিক কার্যালয় থেকে কন্ট্রোল অর্ডারের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন-অর রশীদকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠনের তথ্য জানান তিনি। অপর দুই সদস্য হলেন পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট আরিফুল ইসলাম আরিফ ও পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী এ কে এম সালেহ আকরাম। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, রবিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ৫৪১৮ নম্বর পাওয়ার কার থেকে ৪৫ লিটার ডিজেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কারের চালকসহ ক্রেতাকে হাতেনাতে আটক করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী রাজশাহীর গোয়েন্দা শাখার সদস্যরা। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় তাদের নামে মামলার নথি হয়েছে।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল জানান, চুরি করে তেল বিক্রির ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ের জিআরপি থানায় অভিযোগ দিয়েছেন। মামলাটি দায়ের করে সোমবার সকালে আটক হওয়া দুই আসামিসহ জব্দকৃত মালামাল জেলা আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।