শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হওয়ার পেছনে বেশি অবদান বঙ্গমাতার: ইকবাল হোসেন অপু

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এতো বড় বিশাল নেতা হওয়ার পেছনে সবচেয়ে বেশী অবদান বঙ্গমাতা ফজিলাতুন্নেছার। তিনি সবসময় বঙ্গবন্ধুকে সাহস ও প্রেরণা জুগিয়ে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম ফজিলাতুন্নেছা। 

মঙ্গলবার (৮ আগস্ট) শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইকবাল হোসেন বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সরব আছেন, যে কোন সময় হামলা করতে পারে। আপনার প্রতিটি এলাকায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুফল ভোগীদের সঙ্গে কথা বলে সরকারের সুনাম তুলে ধরেন তাহলে ওরা ষড়যন্ত্র করতে পারবে না। 

তিনি বলেন, ১৮ কোটি মানুষের ভরসা নাম শেখ হাসিনা, সেই শেখ হাসিনা বলেছেন আপনারা তৃনমূল আওয়ামী লীগকে বেশি বেশি মূল্যায়ন করুন তারা কখনো বেইমানী করে না তারাই আওয়ামী লীগের মূল। আমাদের বড় বড় নেতাদের কেনা যায় কিন্তু তৃণমূলের নেতাদের কেনা যায় না। আমি সবার উদ্দেশ্য বলতে চাই, আপনারা তৃনমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেন। নেতা হয়ে টাকা ইনকাম করে কোন লাভ নাই যদি না দু:সময়ে কর্মীদের পাশে না থাকেন। 

তিনি আরও বলেন, ২০০১ নির্বাচনের পরে তৃণমূলের ২৬ হাজার লোক নিহত হয়েছে। আমাদের মা অথবা বাবা মারা গেলে আমরা শোকে স্তব্ধ হয়ে যাই, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো পরিবার হারিয়ে বাংলাদেশের জনগণের টানে ১৯৮১ সালে বাংলাদেশে চলে আসেন। আমরা নৌকার লোক, তবে নৌকার আসল মাঝি শেখ হাসিনা, শেখ হাসিনা যাকেই নমিনেশন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাল্লাহ।

জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড: আলমগীর মুন্সির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন- সদর পৌরসভা মেয়র পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: মির্জা হযরত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস ফরাজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন ওসমান মীর।