গৃহবধূকে ধর্ষণচেষ্টা: গ্রাম্য সালিশে বিচার না পেয়ে মামলা

ঘিওরে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গ্রাম্য সালিশে সুবিচার না পেয়ে গত সোমবার রাতে ঘিওর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী (৩৬)। ধর্ষণচেষ্টার অভিযোগে জীবন সরকার ( ৪০ ) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত জীবন সরকার উপজেলার মাইলাগি গ্রামের মৃত মনিন্দ্র সরকারের ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরে আটক জীবন সরকারকে মানিকগঞ্জ আদালতে পাঠানো  হলে, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আটককৃত জীবন সরকার ঐ গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূর স্বামী এ বিষয়ে কয়েকবার তাকে শোধরানোর জন্য বলেন।  এতে উত্ত্যক্ত করার মাত্রা আরও বেড়ে যায়। গত সোমবার দুপুরে একা পেয়ে ঐ নারীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জীবন সরকার। এ সময় গৃহবধূ নিজের ইজ্জত বাঁচাতে ধস্তাধস্তি করে ঐ গৃহবধূ নিজেকে রক্ষা করে দৌড়ে বাড়িতে এসে ঘটনাটি পরিবারের সদস্যদের কাছে বলে দেন।

গৃহবধূর স্বামী বলেন, ‘পরিতোষ সরকার, বিরেন সরকার, প্রতুষ, কুরমান মিয়াসহ কয়েক জন গ্রাম্য মাতব্বর সোমবার রাত ১২টার দিকে আমাকে ডেকে নিয়ে স্থানীয় ইউপি সদস্য মনোয়ার ভূঁইয়ার বাড়িতে আপস মীমাংসার জন্য বলেন। এ সময় মাতব্বরা জীবন সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একটি কাগজে আমার স্বাক্ষর নেন। সেই টাকা আমি নেইনি। কারণ টাকায় কী আমার ইজ্জত ফিরে আসবে।’ 

স্থানীয় ইউপি সদস্য মনোয়ার ভূঁইয়া বলেন, ‘এই বিষয়ে আমার বাসায় কোনো সালিশ বৈঠক হয়নি। তাই কাউকে জরিমানাও করা হয়নি। সোমবার রাতে কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মাতব্বর এসেছিলেন। সঙ্গে ঐ নারীর স্বামীও ছিল। আমি তাদের বলেছি, থানায় মামলা হয়েছে, এটি আমাদের পক্ষে মীমাংসা করার কোনো এক্তিয়ার নেই। থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, এ ব্যাপারে ঐ নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঐ দিনই (সোমবার) গভীর রাতে জীবনকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।