ড্রেজারের জমা পানিতে গোসলে নেমে ২ ছাত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগে মঙ্গলবার (৮ আগস্ট) ড্রেজারের জমানো পানিতে গোসলে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মৃতরা হলো উপজেলার কুমারভোগ গ্রামের শাহ আলমের মেয়ে চাঁদনী (১০) ও একই গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে মরিয়মের (১১)। তারা দুজন মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী।

নিহত মরিয়মের মা সুমি বেগম বলেন, বিকাল ৫টার দিকে মাদ্রাসা থেকে আসার পরে মেয়েকে ভাত দিলাম। ভাত খেয়ে বললো মা আমি গোসল করতে যাই। আমি ভাবলা গোসলখানায় করবে। আমার ছোট ছেলেকে মাস্টারের কাছে প্রাইভেট পড়তে দিতে গেলাম। এসে দেখি মরিয়ম নাই। এর প্রায় আধঘণ্টা পর দেখি জমে থাকা পানিতে চাঁদনীর লাশ ভেসে আছে।  এঘটনার আগে চাঁদনী আমাদের বাসায় আসছিল,তাই ধারণা করলাম আমার মেয়েও গোসল করতে আসছে। এরপর অনেক খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে আমার মেয়ের লাশ পাওয়া যায়।

নিহত মরিয়মের মামা শাহীন শেখ বলেন, ও কখনো একা পুকুরে গোসল করতে যায় না। যদিও সাঁতার জানে। সাঁতার জানার পরেও কীভাবে কী হলো বুঝলাম না।

এ ব্যাপারে ড্রেজারের মালিক জহির ফকির জানান, আমার ড্রেজারের পাইপ ওইখানে আছে। তবে মাটি কাটা বন্ধ রয়েছে। তাছাড়া আমার কাছ থেকে স্থানীয় কামাল মেম্বার ড্রেজারটি চুক্তিতে ভাড়া নিয়ে চালাচ্ছিল।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানান, শিশু দুটির পরিবারের কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদের দরখাস্তের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।