কুষ্টিয়ায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রীদের গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সঞ্জয় কুমার প্রামাণিক পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। 

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জহির জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত গুলির ঘটনা ঘটে। আহত পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। তবে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের (জাসদ) ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় কর্মকাণ্ড শেষ করে শহরের গোডাউন মোড় এলাকায় তার বাড়িতে ফিরছিলেন। বাসায় ঢোকার আগে থেকে সেখানে জেলা জাসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ২৫ জনের একটি দল সঞ্জয়কে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার সঙ্গে থাকা দুই কর্মী রিপন ও শ্যামল বাঁধা দিতে গেলে তাদেরকেও আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়সহ তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সঞ্জয়ের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।