নারী ফুটবলারদের উপর হামলা: জামিন পায়নি আসামিরা

খুলনার বটিয়াঘাটায় সুপার কুইন ফুটবল একাডেমির চার নারী ফুটবলারকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে বাদীকে এসিড নিক্ষেপের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নারী ফুটবলার সাদিয়া নাসরিন বাদী হয়ে থানায় সাধারণ ডায়রি করেন। 

মঙ্গলবার (৮ আগস্ট) আসামি সালাউদ্দিন খাঁ, তার মা রঞ্জি বেগম ও বোন নুপুর আদালতে জামিন চাইলে খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মনজিলুর রহমান জানান, আদালত তার পর্যবেক্ষণে, হত্যা প্রচেষ্টা মামলার জামিনে থাকা তিন আসামি তাদের জামিনের সকল শর্ত ভঙ্গ করেন। তারা পরস্পর যোগসাজশে হত্যা প্রচেষ্টা মামলার বাদী সাদিয়া নাসরিন ও অন্য ভুক্তভোগীদেরকে মামলা তুলে না নিলে এসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকি দেয়। যা পুলিশি তদন্তে প্রমাণিত হয়। বাদী ও অন্য ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতেই আদালত আসামিদের জামিন বাতিলের আদেশ দিয়েছেন। 

হাফপ্যান্ট পরে ফুটবল খেলায় গত ২৯ জুলাই রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে আসামীরা মারধর করে। এই ঘটনায় ৩০ জুলাই বটিয়াঘাটা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা প্রচেষ্টা মামলা করেন ফুটবলার সাদিয়া নাসরীন। পুলিশ নুর আলম খাঁকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। অপর তিন আসামি আদালত থেকে জামিন নেয়। পরে এসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকি দিলে সাদিয়া তিনজনকে অভিযুক্ত করে ১ আগস্ট থানায় জিডি করেন।