টেইলর সুইফটের কনসার্ট জ্যাকসন-ম্যাডোনাকেই মনে করাচ্ছে

মার্কিন সংগীত তারকা টেইলর সুইফটের গানেতো বটেই তার রূপেও মুগ্ধ লাখো দর্শক। চলতি বছর সংগীত সফরে বের হয়ে বাজিমাত করেছেন এই মার্কিন তারকা। টেইলর সুইফটের কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে হাজার হাজার ডলারে। গেল ২২ ও ২৩ জুলাই টেইলরের কনসার্টে হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ভক্তের সমাগম। টেইলরের কনসার্ট নিয়ে দর্শকদের উন্মাদনা নাকি আশির দশকে মাইকেল জ্যাকসন কিংবা ম্যাডোনার ট্যুর মনে করিয়ে দিয়েছে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাইকেল জ্যাকসন বা ম্যাডোনা আশির দশকে যেভাবে বিনোদন দুনিয়া শাসন করতেন, সুইফটও নাকি সে পথেই হাঁটছেন। এদিকে ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে গান গেয়েছেন সুইফট। জানা যায়, ইরাস ট্যুর দিয়ে সুইফট একরকম বিশ্ব শাসন করছেন।


 
২০১৮ সালের পর পাঁচ বছর বিরতি নিয়ে চলতি বছরের ১৭ মার্চ শুরু করেন  ‘দ্য ইরাস ট্যুর’। ভক্তরাও বেশ উচ্ছ্বসিত, তার প্রমাণ মিলেছে কনসার্টগুলোর লোকসমাগম দেখে। তবে এই পাঁচ বছরে এই শিল্পী প্রকাশ করেছে বেশ কিছু মিউজিক্যাল অ্যালবাম। টেইলরের এই কনসার্ট শেষ হবে আগামী বছর নভেম্বরে কানাডায়। কনসার্ট শেষ না হতেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন এই মার্কিন সংগীত তারকা।
 

টেইলর সুইফট একজন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, রেকর্ড প্রযোজক এবং অভিনেত্রী। ২০০৬ সালে টেইলর সুইফট তার প্রথম গান ‘টিম ম্যাকগ্র’ প্রকাশ করে, এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম টেইলর সুইফট, যা রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা কর্তৃক প্লাটিনাম প্রত্যয়ন পায়।

 


 


টেইলর সুইফটের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে টেইলর সুইফট , ফিয়ারলেস, স্পিক নাউ, রেড, রেপ্যুটেশন, লাভার , ফোকলোর, এভারমোর , মিডনাইটস প্রভৃতি।