দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মঙ্গল মুর্মু (৫৫) ও তার স্ত্রী মালতী মার্ডি (৪৫)। মঙ্গল মুর্মু দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দক্ষিণ সালান্দা বাবুর বাজার এলাকার নারায়ন মুর্মুর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের অদূরে মৈত্রী ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। এ সময় ইজিবাইকের চালক ও তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গল মুর্মু ও তার স্ত্রী মালতি মার্ডিকে মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালকসহ আরও এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে কোতয়ালী থানায় নেওয়া হয়েছে।