মেয়রের বড়শিতে উঠে এলো ৩২ কেজি কোকেন!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরের মেয়র সম্প্রতি পরিবারের সঙ্গে মাছ ধরার সফরে আটলান্টিকে গিয়েছিলেন। সেখানে ভিন্নরকম এক অভিজ্ঞতার শিকার হয়েছেন তিনি। সাগরে ফেলা বড়শিতে মাছের বদলে উঠে এসেছে ১.১ মিলিয়ন ডলার মূল্যের কোকেন!

৬২ বছরের জেন ক্যাস্টর মেয়র হওয়ার আগে শহরের প্রথম নারী পুলিশপ্রধান ছিলেন। গত ২৩ জুলাই মাছ ধরতে গিয়ে তার সঙ্গে এমন কাণ্ড ঘটে।

স্থানীয় বে টাইমসের খবরে বলা হয়, বড়শি ফেলে মাছ ধরতে গেলে ৩২ কেজি ওজনের কোকেনের একটি বড় প্যাকেট গেঁথে যায়। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কি গেঁথেছে বড়শিতে।

এক পর্যায়ে ক্যাস্টরের পরিবারের এক সদস্য পানিতে কিছু একটা দেখতে পান। তিনি ভেবেছিলেন, পানিতে কোনো কিছুর ছায়া পড়েছে। হয়তো সমুদ্রে ভেসে থাকা কাঠের টুকরার নিচে ছোট ছোট মাছের ঝাঁক থাকতে পারে। কৌতূহলের বশে তারা নৌকাটি নিয়ে সেদিকে এগিয়ে যান।

মেয়র বলেন, আমরা যত কাছে গেলাম, আমার মনে হচ্ছিল এটি কোকেনের একটি প্যাকেট হবে। অভিজ্ঞতার কারণে তিনি নিশ্চিত হয়েছিলেন, প্যাকেটের ভেতর মাদক আছে।

পরে স্মার্টওয়াচে জায়গাটি সেভ করে রাখেন ক্যাস্টর। কোকেনের প্যাকেকটি তাদের নৌকায় তোলা হয়। এরপর তিনি বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। পরে যুক্তরাষ্ট্রের বর্ডার গার্ড প্যাকেটটি জব্দ করে।