পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ কাকারের নাম নিয়ে ঐকমত্য পোষণ করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার তালিকায় অনেকের নাম থাকলেও শেষ পর্যন্ত তাদের কেউই মনোনীত হননি।
সদ্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মনোনীত হওয়া আনোয়ারুল হক কাকার ২০১৮ সালে বেলুচিস্তান থেকে একজন স্বতন্ত্র সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের মার্চ মাসে তার ছয় বছরের মেয়াদ পূর্ণ হবে। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী কাকার বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
তিনি ২০০৮ সালে রাজনৈতিক দল কিউ-লীগের টিকিটে কোয়েটা থেকে জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একই সাথে, তিনি বিদেশি পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সিনেটের স্থায়ী কমিটির চেয়ারপারসন। পাশাপাশি তিনি ব্যবসা উপদেষ্টা কমিটির সদস্য, অর্থ ও রাজস্ব, বৈদেশিক বিষয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির সদস্য হিসেবে কাজ করেছেন।
কাকার ২০১৮ সালে সিনেটে বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতার দায়িত্বও পালন করেন। পাঁচ বছর মেয়াদের জন্য দলটির সংসদীয় নেতা নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু পাঁচ মাস আগে দলটি নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তার স্থলাভিষিক্ত হন নতুন নেতা।
রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কাকারকে একজন তুখোর বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সুসম্পর্ক রয়েছে কাকারের। তিনি পশতুন জাতিগোষ্ঠীর কাকার উপজাতির সদস্য হওয়ায় একই সঙ্গে বালুচ এবং পশতুন উভয়েরই প্রতিনিধিত্ব করেন।