বাগেরহাটের শরণখোলায় মা ও তার শিশুকে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) রাতে নিহতের ভাই আলামিন বাদী হয়ে ৭ জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের আ. সামাদ হাওলাদারের ছেলে মনির হাওলাদার, নেহারুল হাওলাদার ও মিলন হাওলাদার।
জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের সময় ঘরে ঢুকে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী পাপিয়া বেগম ও তার পাঁচ বছরের মেয়ে সাওদা জেমিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় আবু জাফর ঢাকায় ছিলেন। এদিন রাতেই নিহত পাপিয়ার ভাই আলামিন বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা করেন।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।