বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ঢাকাগামী ছয়টি আন্তঃনগর ট্রেনের ৬৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় যাত্রীদের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত টানা প্রায় ১৪ ঘণ্টা পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন ট্রেন ও স্টেশনে ব্লক চেকিংয়ের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সিল্ক সিটি এক্সপ্রেস (আপ), সুন্দরবন এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস (আপ), রংপুর এক্সপ্রেস (ডাউন), পঞ্চগড় এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস (ডাউন) ট্রেনে অভিযান চালানো হয়। এসময় রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বড়াল ব্রিজ, নাটোর ও সান্তাহার স্টেশনে ব্লক চেকিং অভিযান পরিচালনা করা হয়।
পাকশীর সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম বলেন, অভিযানে ৬৫০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ৯৯ হাজার ১৪৫ টাকা ও জরিমানা ৩৪ হাজার ১৫০ টাকাসহ মোট এক লাখ ৩৩ হাজার ২৯৫ টাকা আদায় করা হয়।
মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, সরকারি ছুটির দিন উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোতে বেশ উপচেপড়া ভিড় থাকে। এ সুযোগে অনেকেই বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেন।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের নেতৃত্ব পরিচালিত অভিযানের সময় পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা, গার্ড, টিটিই, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।