বেরোবিতে প্রথম বর্ষে ভর্তি শুরু হচ্ছে আজ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি শুরু হবে আজ ১৩ আগস্ট। শুক্রবার বেরোবির স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কমিটির সদস্যসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তি কার্যক্রম চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বাছাইকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য আজ ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অবস্থিত ব্যাংক বুথে অবশিষ্ট ভর্তি ফি জমা দিতে হবে। ভর্তি ফি জমার ব্যাংক রশিদ (ব্যাংকের সিলযুক্ত) সংশ্লিষ্ট বিভাগে দেখিয়ে ভর্তি ফরম গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে তিনটি সেট প্রস্তুত করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির সময় মূল নম্বরপত্র জমা রশিদের (Receipt for Submitted Original Documents) অনুলিপি তিন কপি, পূরণ করা ভর্তি ফরম তিন কপি, প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা জমা রসিদের অনুলিপি তিন কপি, চূড়ান্ত ভর্তি ফি জমা রসিদের অনুলিপি তিন কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি তিন কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ট্রান্সক্রিপ্টের অনুলিপি তিন কপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবিসহ কাগজপত্র জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করতে না পারলে তাদের প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে।