কলকাতার দর্শক গত কয়েক দিনে বৃষ্টি দেখেছে। কিন্তু সল্টলেকের ফুটবল দর্শক এমন বৃষ্টির বোধহয় দেখেনি। এটাকে বৃষ্টি বলতে রাজি না ইস্ট বেঙ্গলের সমর্থকরা। এ বৃষ্টি আনন্দের। আষাঢ় কিংবা শ্রবাণের ধারাও এমনভাবে বৃষ্টি ঝরায় না বলছেন ইস্ট বেঙ্গলের সমর্থকরা। ১-০ গোলে হেরে মোহন বাগানের সব ফুটবলার বিদায় নিয়েছেন। দৌড়ে মাঠ ছেড়ে চলে গিয়েছেন। ইস্ট বেঙ্গলের সমর্থকরা মাঠে ঢুকে গিয়েছেন। খেলা শেষ হওয়ার মিনিট চারকে আগে আচমকা বৃষ্টি। ইস্ট বেঙ্গলের জয়ের পথ তখন নিশ্চিত হতে যাচ্ছে। ঠিক তখনই বৃষ্টি শুরু। বৃষ্টিতে ভিজে চলেছেন জয়ের আনন্দে থাকা ইস্ট বেঙ্গলের সমর্থকরা। গ্যালারিতে মোহন বাগানের সমর্থকরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। আর ইস্ট বেঙ্গলের দর্শক বেড়া টপকে মাঠে ঢুকে অধিনায়ক খাবরা, গোলরক্ষক জিল, স্প্যানিয়ার্ড ক্রেসপো, গঞ্জালেস, তোরা, অস্ট্রেলিয়ান এলসে জর্ডান, নন্দ কুমারের পায়ের ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। পাগল সমর্থককে তুলে নিয়ে বুকে তুলে নিলেন ফুটবলাররা। স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত মাঠে ঢুকে দৌড়ে চলে যান দর্শকের কাছে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ দর্শকের মধ্যে। তুমুল বৃষ্টি। বৃষ্টির ঝাঁজ আরো বেড়ে গেল। দেখে মনে হবে যেন ইস্ট বেঙ্গলের জয়ে বৃষ্টির আগমন।
পাঁচ বছর অপেক্ষার অবসান। এমন আনন্দ না করেই বা উপায় কি। এটা যে উপমহাদেশের ফুটবলে সবচেয়ে বেশি উত্তেজনার ফুটবল ম্যাচ। ইস্ট বেঙ্গল-মোহন বাগান ডার্বি বলে কথা। কলকাতার ফুটবলে গত ১৫ দিন ধরে একটা কথা শোনা যায়। ইস্ট বেঙ্গলের দিন শেষ। মোহান বাগান উড়ে চলেছে। আর কখনো বাঙালিরা ফিরতে পারবেন না। সেই কবে ঘি খেয়েছেন (১৯৭৫ সালে ইস্ট বেঙ্গল ৫-০ গোলে মোহান বাগানকে হারায়, সেই রেকর্ড এখনো ভাঙতে পারেনি মোহন বাগান) সেই ঘ্রাণ এখনো নাকে দিয়ে বেড়াচ্ছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। আগের দিন সংবাদ সম্মেলনেও গুঞ্জন, ইস্ট বেঙ্গল পারবেই না। কয়েক দিন পর এএফসি কাপে খেলবে মোহন বাগান। ৫৫ কোটি টাকার দল এটি। ইস্ট বেঙ্গলের কী আছে। মোহন বাগান আইএসএল চ্যাম্পিয়ন। কীভাবে পারবে, প্রশ্নই ওঠে না। শেষ বার ইস্ট বেঙ্গল জয় পেয়েছিল ২০১৯ সালে। সেই জয়ের পর মোহন বাগানের বিপক্ষে টানা আট ম্যাচ হেরেছে ইস্ট বেঙ্গল । প্রতিশোধ নিতে পারছিল না। সমর্থকরা হতাশ ছিল। সেই সমর্থকরা কাল জয় নিয়ে ঘরে ফিরেছেন। ইস্ট বেঙ্গল ক্লাব ১-০ গোলে জয় পেয়েছে মোহন বাগানের বিপক্ষে। আর এই জয়ের নায়ক নন্দ কুমার। ৬০ মিনিটে গোল করেন তিনি।
ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ২-২ গোলে ড্র করেছিল। আর মোহন বাগান বাংলাদেশ সেনাবাহিনীকে ৫-০ এবং পাঞ্জাবকে ২-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে নকআউটের দুয়ারে চলেই গিয়েছিল। কাল ইস্ট বেঙ্গল ক্লাব দ্বিতীয় ম্যাচে মোহন বাগানকে হারিয়ে নিজেরাই এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে। কারণ মোহন বাগান গ্রুপের তিন ম্যাচ শেষ করল। আর ইস্ট বেঙ্গল ক্লাব শেষ ম্যাচ খেলবে পাঞ্জাবের বিপক্ষে। জিতলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন, তখন মোহন বাগান সেরা গ্রুপ রানার্সআপ হিসাবে যেতে পারবে কি না, তা নিয়ে সংশয় থেকে গেল। খেলাটা জমিয়ে দিল ইস্ট বেঙ্গল। সমর্থকরা বলছে জমিয়ে খির বানিয়ে দিল।